স্মৃতির স্নায়ুরা দীপ্র কুকুরের দাঁত,
বিষদাঁত বিঁধিয়েছে অস্তিত্বের পায়ে,
রক্তে সেই যন্ত্রণার আততায়ী তাত
উন্মাদ পাক খায়; ডাইনে আর বাঁয়ে
বিভীষিকা-জলাতঙ্ক-বিকল স্নায়ুরা:
ভয়াল কুকুর দিনেরাত্রে ছুটে আসে;
দুচোখে বেঁধেছে বাসা কুটিল মৃত্যুরা,
ক্ষিপ্ত কুকুরের মুখ চোখে শুধু ভাসে।
স্মৃতির স্নায়ুরা দীর্ণ জীবিত করাত-
অহোরাত্র ঘুরে যায় মাংসের নিচে,
শরীরের খাঁজে তার আততায়ী দাঁত
ছিঁড়ে নেয় মেদ ত্বক ক্ষুধার্ত কিরিচে।
নিদ্রাহীন অন্ধকার সামনে পিছনে
টুঁটি চেপে ধরে আছে আমার আয়ুর;
কান্তা, তুমি তো ছিলে জীবনের গানে:
সে স্মৃতিরা ছেঁড়ে আজ স্বপ্ন স্নায়ুর।

No comments yet
Comments feed for this article